রাজধানীর তেজগাঁওয়ে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
রাজধানীর তেজগাঁওয়ে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ।   ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও লিংক রোডে বেতন ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন নাসা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার (২০ মে) সকালে এ আন্দোলনের কারণে সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

জানা গেছে, তেজগাঁও লিংক রোডের বটতলা ক্রসিং থেকে প্রায় ১০০ মিটার দূরে নাসা গ্রুপের আনুমানিক ২০০ থেকে ২৫০ জন কর্মচারী রাস্তার একপাশ বন্ধ করে অবস্থান নেন। শ্রমিকরা তাদের বকেয়া বেতন ও উৎসব বোনাস পরিশোধের দাবিতে এ কর্মসূচি পালন করছেন। শ্রমিকদের সড়ক অবরোধের ফলে তেজগাঁও লিংক রোডে যানবাহন চলাচল ধীর হয়ে পড়ে এবং সৃষ্টি হয় তীব্র যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ক্রাইম ও ট্রাফিক পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, সকাল ১০টার দিকে নাসা গ্রুপের শতাধিক শ্রমিক সড়কে নেমে আসেন এবং বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি, তারা যেন সড়ক ছেড়ে দেন।

ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, বটতলা মোড় এলাকায় এই বিক্ষোভ শুরু হয়। আনুমানিক ২০০ থেকে ২৫০ শ্রমিক সেখানে অবস্থান নেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন। এসময় যান চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ।