পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি ও ভোজ্য তেল জব্দ
পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল জ্বালানি ও ভোজ্য তেল জব্দ।   ছবি: আরটিএনএন

চট্টগ্রামের পতেঙ্গায় পৃথক দুটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জেট ফুয়েল, ডিজেল, অকটেন ও ভোজ্য তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে যাতে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি বা অবৈধ মজুদ করতে না পারে, সে লক্ষ্যেও বাহিনীটি তৎপর রয়েছে।

কোস্ট গার্ড জানায়, এরই ধারাবাহিকতায় গত সোমবার (১৮ মে) রাত ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানার ভিআইপি রোডসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রাখা একটি গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে আনুমানিক ২৩ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৭ হাজার লিটার জেট ফুয়েল, ৬ হাজার লিটার ডিজেল, ১ হাজার ৫০০ লিটার অকটেন এবং এসব জ্বালানি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

অপরদিকে, মঙ্গলবার (১৯ মে) রাত ১টার দিকে চট্টগ্রামের ইপিজেড থানার আকমলআলী সুইচ গেটসংলগ্ন এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা।

এ সময় ঘাট এলাকায় তল্লাশি চালিয়ে বাজারজাতের উদ্দেশ্যে জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা প্রায় ৯ লাখ টাকা মূল্যের ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, দুই অভিযানে আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালানের সঙ্গে জড়িত মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। প্রয়োজনে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযানও পরিচালনা করা হবে।

জব্দকৃত জ্বালানি তেল, ভোজ্য তেল ও ট্রাকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

ব্রিফিং প্রদান করেন লেফটেন্যান্ট হাসিব-উল-ইসলাম (এক্স), বিএন, সিগন্যাল কমিউনিকেশন অফিসার, বিসিজিএস তাজউদ্দীন।