ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।   ছবি: আরটিএনএন

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর পশুর হাটে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, হাটের বাইরে কিংবা সড়কে গরুর গাড়ি ও পশুবাহী যানবাহন নিয়ে জোরজবরদস্তি, টানাটানি বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে সংশ্লিষ্ট ইজারাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার (১৯ মে) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরের সম্মেলন কক্ষে কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ, বিপণন, কাঁচা চামড়া পরিবহন নিরাপত্তা এবং রাজধানীর সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় ডিএমপি কমিশনার বলেন, পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখা এবং যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে হাটের নির্ধারিত সীমানার বাইরে কোনো পশু রাখা যাবে না। তিনি আরও জানান, ঈদকে কেন্দ্র করে জাল টাকার অপতৎপরতা ঠেকাতে প্রতিটি পশুর হাটে ডিএমপির পক্ষ থেকে জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন করা হবে।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ঈদকে সামনে রেখে অপ্রয়োজনীয় সড়ক খোঁড়াখুঁড়ি থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে সরকারের বিভিন্ন সংস্থা ও সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষায়িত ইউনিট, বাংলাদেশ ব্যাংক, প্রাণিসম্পদ অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিপিডিসি, ডেসকো, ঢাকা জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান, লবণ ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন এবং রাজধানীর বিভিন্ন পশুর হাটের ইজারাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভারশুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। পরে উপস্থিত প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে নিজ নিজ মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

শিমুল/এসএস