দুপুরের মধ্যে ৫ অঞ্চলে বজ্রবৃষ্টির আশঙ্কা
ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।   ছবি: সংগৃহীত

দেশের পাঁচটি অঞ্চলে মঙ্গলবার দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অফিস জানিয়েছে, সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার কারণে নদীবন্দরসমূহকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে এবং ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।