দক্ষিণ বাড্ডায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
দক্ষিণ বাড্ডায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।   ছবি: আরটিএনএন

রাজধানীর দক্ষিণ বাড্ডায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রবিবার (১৭ মে ) বিকেল ৫টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উত্তরা সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বাড্ডা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. জহিরুল ইসলাম ওরফে শ্যাপন (৪৫) এবং জান্নাত ফেরদৌস এনি (৩২)।

অভিযানকালে তাদের হেফাজত থেকে ৬০টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকে রাখা মোট ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা। একই সঙ্গে মাদক ব্যবসায় ব্যবহৃত স্যামসাং ব্র্যান্ডের দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা গোপনে মাদক সরবরাহ ও বিপণনের মাধ্যমে যুবসমাজকে বিপথে নেওয়ার অপচেষ্টা চালিয়ে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দক্ষিণ বাড্ডা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, দেশব্যাপী মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতিতে অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।