ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন
ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন।   ছবি: আরটিএনএন

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গত ১৬ মার্চ মোসলেহ উদ্দিন আহমদ সিআইডির প্রধান হিসেবে নিয়োগ পান এবং পরে ২৫ মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও পদে দায়িত্ব পালন করে অভিজ্ঞতা অর্জন করেছেন।

প্রায় দুই মাস ধরে দেশের গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিট ঢাকা মহানগর পুলিশের কমিশনার পদটি শূন্য ছিল। সাবেক কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর পদত্যাগের পর অতিরিক্ত কমিশনার মো. সরোয়ার ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে গত ১৪ মে তিনি স্বাভাবিক অবসরে গেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব গ্রহণ করেন।

খাগড়াছড়ির রামগড় উপজেলার বাসিন্দা মোসলেহ উদ্দিন আহমদ ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি ঢাকা মহানগর পুলিশ, চট্টগ্রাম মহানগর পুলিশ এবং কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতিসংঘের আফ্রিকান ইউনিয়ন-ইউনাইটেড নেশনস হাইব্রিড অপারেশন ইন দারফুর মিশনেও পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ২৪ অক্টোবর ডিআইজি (হেডকোয়ার্টার) পদ থেকে পদোন্নতি পেয়ে তিনি অতিরিক্ত আইজিপি হন। পেশাগত দক্ষতা ও প্রশাসনিক অভিজ্ঞতার কারণে পুলিশ প্রশাসনে তিনি একজন অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিত।

ডিএমপির নতুন কমিশনার কে হচ্ছেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই পুলিশ প্রশাসনের ভেতরে আলোচনা চলছিল। আলোচনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদের নামও উঠে আসে। তবে শেষ পর্যন্ত সরকার মোসলেহ উদ্দিন আহমদকেই ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেয়।

সবশেষে, গত বুধবার তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও নির্বাচিত হন। নতুন দায়িত্বে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং নগর নিরাপত্তা ব্যবস্থাপনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।


শিমুল/এসএস