‘মনগড়া টিআরপি ও প্রচারসংখ্যার ভিত্তিতে গণমাধ্যমে বিজ্ঞাপন বণ্টন হবে না’
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।   ছবি: সংগৃহীত

মনগড়া টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) ও পত্রিকার প্রচার সংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপন বণ্টন ব্যবস্থার ওপর আর সরকার নির্ভর করবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রবিবার (১৭ মে) সচিবালয়ে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের (টিইসি) নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, টিআরপি এবং পত্রিকার ছাপার সংখ্যা—এই দুই ক্ষেত্রেই সঠিক ও ডিজিটাল নির্ভর পরিসংখ্যান ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন রয়েছে। ডিজিটাল যুগে দর্শক পরিসংখ্যান নির্ধারণ করা কঠিন নয় বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘বর্তমান ব্যবস্থায় অনেক সময় মাত্র সীমিত টিআরপি তথ্যের ভিত্তিতে দেশের কোটি দর্শকের চাহিদা নির্ধারণ করা হয়, যা বাস্তবসম্মত নয়। একইভাবে পত্রিকার প্রচারসংখ্যাও অনেক ক্ষেত্রে মনগড়া হিসেবে ব্যবহৃত হয় বিজ্ঞাপন বণ্টনের ক্ষেত্রে।’

তিনি জানান, সঠিক ডিজিটাল টিআরপি সিস্টেম এবং নির্ভরযোগ্য প্রিন্ট গণনা পদ্ধতি চালু হলে ভবিষ্যতে সেই নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতেই বিজ্ঞাপন ও অন্যান্য সুবিধা বণ্টন করা হবে।

মন্ত্রী জোর দিয়ে বলেন, ‘সুযোগ-সুবিধার কাঠামো একই থাকতে পারে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের তথ্যভিত্তি অবশ্যই স্বচ্ছ ও মিথ্যামুক্ত হতে হবে।’

তিনি আরও জানান, একটি কার্যকর ডিজিটাল টিআরপি ব্যবস্থা এবং আধুনিক প্রিন্ট কাউন্টিং সিস্টেম গড়ে তোলার কাজ শেষ হলে গণমাধ্যম খাতে নীতিনির্ধারণ আরও স্বচ্ছভাবে করা সম্ভব হবে।