হজ পালন করতে বাংলাদেশ থেকে এই বছর এখন পর্যন্ত ৫৮ হাজার ৩৪৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এই বছর এখন পর্যন্ত ৫৮ হাজার ৩৪৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।   ছবি: সংগৃহীত

হজ পালন করতে বাংলাদেশ থেকে এই বছর এখন পর্যন্ত ৫৮ হাজার ৩৪৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সেখানে আরও একজন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মোট ১৫ বাংলাদেশি হজযাত্রী হজ পালনের সময় মারা গেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের শনিবার (১৬ মে) প্রকাশিত বুলেটিনে এসব তথ্য জানা গেছে। এখন পর্যন্ত ১৫০টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৫টি, সৌদি এয়ারলাইনসের ৫৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইট অন্তর্ভুক্ত।

শুক্রবার (১৫ মে),  টাঙ্গাইলের গোপালপুরের মো. এ. মজিদ (৭৫) মদিনায় মারা যান। তিনি বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ছিলেন। এ পর্যন্ত মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১১ পুরুষ এবং ৪ জন নারী রয়েছেন। ১১ জন মক্কায় ও ৪ জন মদিনায় মৃত্যুবরণ করেছেন।

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এই বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন।  যার মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

এমআর/আরটিএনএন