ঈদযাত্রা: আজ মিলছে ২৫ মের ট্রেনের অগ্রিম টিকিট।
ঈদযাত্রা: আজ মিলছে ২৫ মের ট্রেনের অগ্রিম টিকিট।   ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের সুবিধায় অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার (১৫ মে) বিক্রি হচ্ছে ২৫ মে যাত্রার অগ্রিম টিকিট।

যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।

টিকিট বিক্রির সুবিধার্থে রেলওয়ে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল-এই দুই ভাগে কার্যক্রম পরিচালনা করছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।

রেলওয়ের ঈদ কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ২৩ মে যাত্রার টিকিট বিক্রি হয়েছে ১৩ মে এবং ২৪ মে যাত্রার টিকিট বিক্রি হয়েছে ১৪ মে।

এ ছাড়া ২৬ মে যাত্রার টিকিট বিক্রি হবে ১৬ মে এবং ২৭ মে যাত্রার টিকিট বিক্রি হবে ১৭ মে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার ক্ষেত্রে মাত্র একবার টিকিট কিনতে পারবেন। একবারে সর্বোচ্চ চারটি টিকিট ক্রয় করা যাবে। তবে অগ্রিম কেনা ঈদযাত্রার টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না।

যাত্রীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ দাঁড়িয়ে ভ্রমণের টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এ সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

এদিকে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে যাত্রার টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 

এমআর/আরটিএনএন