জাতিসংঘের সভাপতি প্রার্থী হিসেবে নিউইয়র্কে সংলাপে যোগ দিলেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।   ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে আয়োজিত এক অনানুষ্ঠানিক ইন্টারঅ্যাকটিভ সংলাপে অংশগ্রহণ করেছেন।

স্থানীয় সময় বুধবার (১৩ মে) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি আনালেনা বেয়ারবক ৮১তম অধিবেশনের সভাপতির প্রার্থীদের নিয়ে এই অনানুষ্ঠানিক সংলাপের আয়োজন করেন। সংলাপটি ইউএন ওয়েবটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।

‘সাধারণ পরিষদের কার্যক্রম পুনরুজ্জীবন’ শীর্ষক ৭১/৩২৩ নম্বর প্রস্তাব অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতির পদপ্রার্থীদের নিজেদের ভিশন বিবরণী উপস্থাপন এবং সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক সংলাপে অংশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

সংলাপে সশরীরে উপস্থিতি ছাড়াও ভিডিও বার্তার মাধ্যমে নাগরিক সমাজের সংগঠন ও ব্যক্তিরা প্রশ্ন উপস্থাপন করেন।

এশিয়া-প্যাসিফিক গ্রুপের প্রার্থী ড. খলিলুর রহমান জাতিসংঘে তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন একজন কূটনীতিক। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নিউইয়র্কে জাতিসংঘ সচিবালয় এবং জেনেভাভিত্তিক জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (আঙ্কটাড)-এ জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।

তার ভিশন বিবরণীতে তিনি বলেন, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আস্থা পুনর্গঠন এবং সবার জন্য বাস্তব সুফল নিশ্চিত করতে সক্ষম আরও কার্যকর ও সাড়া-দানে সক্ষম বহুপক্ষীয় ব্যবস্থা এখন সময়ের দাবি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির নির্বাচন আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। প্রচলিত আঞ্চলিক রোটেশন পদ্ধতি অনুযায়ী, এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে এ অধিবেশনের সভাপতি নির্বাচিত হবেন। ফিলিস্তিনের প্রার্থিতা প্রত্যাহারের পর বর্তমানে সাইপ্রাসই এই পদে বাংলাদেশের একমাত্র প্রতিদ্বন্দ্বী দেশ হিসেবে রয়েছে।