হজ পালনে সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ২৯৮ বাংলাদেশি হজযাত্রী
বাংলাদেশ থেকে ৫৫ হাজার ২৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।   ফাইল ছবি

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ৫৫ হাজার ২৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বুধবার (১৩ মে) পর্যন্ত ১৪২টি সরকারি এবং বেসরকারি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছান।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দেয়া সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ১৩ মে (সৌদি সময় রাত ২৩:৫৯) পর্যন্ত সর্বমোট ৫৫ হাজার ২৯৮ জন জন হজযাত্রী পৌঁছেছেন দেশটিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ২২৭ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এদিকে বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের মধ্যে এ বছর এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে ১১ জন মারা গেছেন মক্কায় এবং মদিনায় তিনজন মারা গেছেন। সবশেষ ১২ মে মারা গেছেন গাজীপুর সদরের নাসরীন জাহান (৩৭)।

চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই হজ যাত্রায় সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত মোট ১৪২টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৯টি, সৌদি এয়ারলাইন্স ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৭ হাজার ৪২৮ জন, সৌদি এয়ারলাইন্স ১৯ হাজার ১১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৮৫৯ জন যাত্রী পরিবহন করেছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে। হজের আনুষ্ঠানিকতা শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ৩০ জুন।