ঢাকায় নিযুক্ত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকায় নিযুক্ত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।   ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর আরও জোরালো সমর্থন কামনা করেন এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে ওআইসি সদস্য দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে সম্পর্ক আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি তারা বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সদস্য রাষ্ট্রগুলোর বক্তব্যকে স্বাগত জানিয়ে বাংলাদেশের প্রতি তাদের সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময় থেকে ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, তা স্মরণ করেন। একই সঙ্গে ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় ও বহুমাত্রিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের একার সমস্যা নয়, এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও একটি মানবিক ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ। এ সংকট নিরসনে মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক অঙ্গনে ওআইসির সদস্য দেশগুলোর সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

সাক্ষাতে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। এছাড়া ইরান, ইরাক ও লিবিয়ার হেড অব মিশনও বৈঠকে অংশ নেন।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্রসচিব মু. ফরহাদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। 

এসএস