যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ডা. জাহেদ উর রহমান।   ছবি: সংগৃহীত

‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্যচুক্তি’ বাতিল না করে পর্যালোচনার পক্ষে মত দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, চুক্তিতে থাকা সুযোগ অনুযায়ী আলোচনা ও পুনর্বিবেচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে দর-কষাকষিতে যেতে চায় সরকার।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোক্যাল ট্রেড (এআরটি)’ গত ৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে স্বাক্ষরিত হয়। চুক্তিটি নিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা চলছে।

ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, চুক্তিতে বাতিলের সুযোগ থাকলেও সরকার তাৎক্ষণিকভাবে সে পথে হাঁটতে চায় না। তিনি বলেন, ‘এই চুক্তিতে ৬০ দিনের নোটিশ দিয়ে বাতিল করার সুযোগ আছে। পাশাপাশি দুই দেশের আলোচনার মাধ্যমে চুক্তির বিভিন্ন শর্ত পরিবর্তনের সুযোগও রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, সরকার প্রথমে চুক্তিটি বিস্তারিতভাবে পর্যালোচনা করবে এবং যেসব ধারা রাষ্ট্রের স্বার্থের জন্য ক্ষতিকর বা সমস্যাজনক মনে হবে, সেগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায়।

প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘চুক্তিটি খুবই শক্তিশালী। এটি বাতিল করলে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক শুল্কসংক্রান্ত সংকট আবারও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বাতিলের পরিবর্তে পুনর্বিবেচনার পথেই এগোতে চাই।’

সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়াসীন।