স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, নিরাপদ সমাজ গঠন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পেশাদার পুলিশ বাহিনীর বিকল্প নেই।
সোমবার (১১ মে) রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত বিশেষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’-এর ধারাবাহিকতায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সরকার সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসান ঘটানো সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, পুলিশের প্রতিটি সদস্য দেশপ্রেম, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সম্মেলনে পুলিশের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ও মনোযোগ দিয়ে শোনেন মন্ত্রী। সরকারের আর্থিক সক্ষমতা ও অগ্রাধিকার বিবেচনায় এসব দাবি ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। একই সঙ্গে পুলিশের পারফরম্যান্স আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সিআইডির অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন আইজিপি মো. আলী হোসেন ফকির। এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!