ইতালিতে বাংলাদেশি কিশোরীকে ধর্ষণের অভিযোগ
ইতালিতে বাংলাদেশি কিশোরীকে ধর্ষণের অভিযোগ।   প্রতীকী ছবি

ইতালির ভেনিসের মেস্ত্রে এলাকার একটি অ্যাপার্টমেন্টে ১৭ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরীকে নিজ ঘরে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (১০ মে) ঘটনাটি প্রকাশ পায় এবং কারাবিনিয়েরি পুলিশ ইতিমধ্যে এই পৈশাচিক ঘটনার তদন্ত শুরু করেছে।

অভিযোগ অনুযায়ী, ওই কিশোরী অ্যাপার্টমেন্ট শেয়ার করে অন্যান্য পরিবারের সঙ্গে থাকতেন। সুযোগ পেয়ে ওই অ্যাপার্টমেন্টের একজন পুরুষ কিশোরীটিকে ধর্ষণ করেন। 

স্থানীয় পুলিশ বলেছে, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়ায় তাকে বিচারের মুখোমুখি করা হবে।

এদিকে, ঘটনাটি নিয়ে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি ও রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু জনপ্রতিনিধি ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।

এই ঘটনাটি সামনে আসার পর ইতালির প্রভাবশালী রাজনীতিবিদ এবং মনফালকোনের সাবেক মেয়র আনা সিসিন্ট একে ‘অগ্রহণযোগ্য জঘন্য ঘটনা’ বলে অভিহিত করেছেন। তিনি এবং ভেনিস লীগের নেতা অ্যালেক্স বাজারো সরাসরি অভিযোগ করেছেন , অতিরিক্ত মানুষ গাদাগাদি করে থাকা এবং ‘সাবলেট’ বা ‘রুম শেয়ারিং’ এর আড়ালে চলা কালোবাজারিই এই অপরাধের সুযোগ তৈরি করে দিয়েছে।

ইতালিতে যৌন সহিংসতা সংক্রান্ত ২০২৪ সালের স্বাস্থ্য প্রোটোকল অনুযায়ী, এ ধরনের ঘটনায় জরুরি বিভাগ, স্ত্রীরোগ বিভাগ, ফরেনসিক মেডিসিন এবং সংক্রামক রোগ বিভাগ একসঙ্গে কাজ করে থাকে। ভুক্তভোগীর পরিচয়, চিকিৎসা ও অভিযোগ সম্পর্কিত তথ্য সম্পূর্ণ গোপন রাখা হয় এবং বিশেষ নিরাপত্তার আওতায় পরিচালনা করা হয়।