ঈদ উপলক্ষে আজ থেকে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ।
ঈদ উপলক্ষে আজ থেকে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ।   ছবি: সংগৃহীত

পবিত্র কুরবানির ঈদ উপলক্ষে আজ (১১ মে) থেকে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ। আগামী ২১ মে পর্যন্ত চলবে এ কার্যক্রম।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ট্রাকসেল’ কার্যক্রমের মাধ্যমে প্রায় ২ কোটি ৮০ লাখ উপকারভোগীর কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। যেকোনো ভোক্তা এসব ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।

প্রতিদিন সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। শুক্রবার ছাড়া টানা ১০ দিন চলবে এই কার্যক্রম। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন চিনি, মসুর ডালসহ বিভিন্ন পণ্য কিনতে পারবেন সর্বোচ্চ ৪০০ জন ক্রেতা।

ঈদ উপলক্ষে চলতি মে মাসে প্রায় ৭২ লাখ টিসিবি কার্ডধারী পরিবারের কাছে প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। কার্ডধারী পরিবারগুলোর জন্য ভর্তুকি মূল্যে বিক্রি হওয়া ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পরিমাণ এবং মূল্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

জানা গেছে, একজন ভোক্তা ১৩০ টাকা লিটার দরে সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ৮০ টাকা কেজি দরে ১ কেজি চিনি এবং ৭০ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

ইদুল আজহা উপলক্ষে প্রতিদিন ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় ৫০টি, চট্টগ্রাম মহানগরী ও চট্টগ্রাম জেলায় ২০টি, অন্য ছয়টি বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং বাকি ৫৬টি জেলায় ১০টি করে ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হবে।

এমআর/আরটিএনএন