এমপিদের প্রতিশ্রুতি তদারকিতে বিশেষ সেল, দায়িত্বে যারা
প্রধানমন্ত্রীর কার্যালয়।   ছবি: সংগৃহীত

সংসদ সদস্যদের নির্বাচনী প্রতিশ্রুতি এবং জনগুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। সরকারের আন্তমন্ত্রণালয় সমন্বয় বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

রবিবার (১০ মে) সম্প্রতি এ সেল গঠন করা হয়। নতুন গঠিত সেলের সভাপতিত্ব করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা।

সংসদীয় এলাকার উন্নয়ন কর্মকাণ্ড সরাসরি তদারকির জন্য গঠিত উচ্চপর্যায়ের এ কমিটিতে আরও থাকছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২, সংশ্লিষ্ট পরিচালক (মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর), প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার-১, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১।

সেলের কর্মপরিধির বিষয়টি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচির চাহিদা গ্রহণ এবং একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করা হবে। প্রকল্পগুলোর প্রাথমিক যাচাই-বাছাই, জনস্বার্থ ও গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার নির্ধারণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হবে।

এ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় সাধন এবং মাঠপর্যায়ে কাজের অগ্রগতি নিবিড়ভাবে তদারকি করা হবে। নিয়মিত ব্যবধানে কাজের অগ্রগতি সম্পর্কে উচ্চপর্যায়ের কর্তৃপক্ষকে অবহিত করার কথাও বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজনে অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগ থেকে উপযুক্ত জনবল বা বিশেষজ্ঞ প্রতিনিধিকে ‘কো-অপ্ট’ বা সংযুক্ত করা যাবে।