দেশজুড়ে আয়োজন, আগামীকাল শুরু পুলিশ সপ্তাহ।
দেশজুড়ে আয়োজন, আগামীকাল শুরু পুলিশ সপ্তাহ।   ফাইল ছবি

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে পুলিশ সপ্তাহ ২০২৬। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা, সুশাসন ও উন্নয়নের জন্য পুলিশ বাহিনীর সততা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাইবার অপরাধ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার মোকাবিলায় আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কমিউনিটি পুলিশিং জোরদারের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এখন সরকারের অগ্রাধিকার। তিনি মব সহিংসতা, কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের জনগণের কাছে সেবা ও আস্থার প্রতীক হয়ে উঠতে হবে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের মাধ্যমে বাহিনীকে আরও জনবান্ধব, গতিশীল ও জবাবদিহিমূলক করতে কাজ চলছে।

এবারের বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তার নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্টের সদস্যরা প্যারেডে অংশ নেবেন।

অনুষ্ঠানে সাহসিকতা, বীরত্ব, অপরাধ দমন ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’সহ বিভিন্ন পদক প্রদান করা হবে। প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেবেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। পাশাপাশি সরকারি ও বেসরকারি টেলিভিশনে বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচার এবং রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এবারের পুলিশ সপ্তাহে পুনাক স্টল পরিদর্শন, কল্যাণ প্যারেড, আইজি’জ ব্যাজ, শিল্ড প্যারেড, অস্ত্র ও মাদক উদ্ধার পুরস্কার বিতরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আগামী ১৩ মে পুলিশ সপ্তাহ ২০২৬ শেষ হবে। 

শিমুল/এসএস