জেট ফুয়েলের দাম কমালো
জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।   ছবি: সংগৃহীত

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

বৃহস্পতিবার (৭ মে) বিইআরসির পক্ষ থেকে নতুন মূল্য ঘোষণা করা হয়। এর ফলে তিন দফায় টানা ১৩২ টাকা বাড়ানোর পর এবার লিটারপ্রতি প্রায় ২২ টাকা কমানো হলো।

বিইআরসি ঘোষিত নতুন দামে অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ ডলার (শুল্ক ও মূসকমুক্ত) থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে।

নতুন এই দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে জেট ফুয়েলের দাম ছিল লিটারপ্রতি ৯৪ টাকা ৯৩ পয়সা। ফেব্রুয়ারিতে সামান্য বেড়ে ৯৫ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়। তবে আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে মার্চে একলাফে দাম বেড়ে ১১২ টাকা ৪১ পয়সায় পৌঁছায়।

পরবর্তীতে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় দাম আরও বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়। সর্বশেষ এপ্রিলে তা বেড়ে ২২৭ টাকা ৮ পয়সায় পৌঁছায়।