মাঠপর্যায়ে সশস্ত্র বাহিনীর দায়িত্ব কমানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী।
মাঠপর্যায়ে সশস্ত্র বাহিনীর দায়িত্ব কমানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী।   ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে মাঠপর্যায় থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৭ মে) সিলেটে পাথর উত্তোলন সংক্রান্ত বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশে নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব পালন করছে এবং পুলিশ বাহিনীর কার্যক্রমও অনেক বেশি গতিশীল হয়েছে। এ কারণে দীর্ঘ সময় ধরে মাঠপর্যায়ে সেনাবাহিনীর দায়িত্ব পালন করার প্রয়োজনীয়তা নেই। তাই পর্যায়ক্রমে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে কী প্রক্রিয়ায় এবং কোন ধাপে এই প্রত্যাহার কার্যক্রম পরিচালিত হবে, সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে পাথর উত্তোলন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সিলেট ও সুনামগঞ্জসহ সংশ্লিষ্ট অঞ্চলে পাথর উত্তোলন এবং সংরক্ষণ কার্যক্রম তদারকিতে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনারকে প্রধান করে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।

তিনি জানান, কমিটি নির্ধারণ করবে কোন এলাকা থেকে, কত গভীরতা পর্যন্ত এবং কী পরিমাণ পাথর উত্তোলন করা যাবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা করে কীভাবে পাথর সংরক্ষণ করা যায়, সে বিষয়েও প্রয়োজনীয় সুপারিশ দেবে কমিটি।