কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান কুখ্যাত জলদস্যু ও হত্যা মামলার মূল আসামি জমিরকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান কুখ্যাত জলদস্যু ও হত্যা মামলার মূল আসামি জমিরকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।   ছবি: আরটিএনএন

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান কুখ্যাত জলদস্যু ও হত্যা মামলার মূল আসামি জমিরকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৭ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৫ ফেব্রুয়ারি গভীর বঙ্গোপসাগরে কুতুবদিয়ার পশ্চিম-দক্ষিণ এলাকায় এফবি ‘আজুফা আক্তার মানু’ নামের একটি ফিশিং বোটে জলদস্যু জমির বাহিনীর গুলিতে শাহাদাত হোসেন খোকন নামে এক জেলে নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় বুধবার (৭ মে) দুপুর ২টার দিকে কক্সবাজারের মহেশখালী থানাধীন মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জমির বাহিনীর প্রধান ও হত্যা মামলার মূল আসামি জমির (৪০) গ্রেপ্তার হয়।

পরে আটককৃত জমিরের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনাদিয়া দ্বীপ এলাকার প্যারাবন থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, গ্রেপ্তারকৃত জমির কক্সবাজার জেলার মহেশখালী থানার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ জলদস্যু বাহিনীর নেতৃত্ব দিয়ে ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল।

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড আরও জানিয়েছে, দেশের উপকূলীয় অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।