তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ।
তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ।   ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ (৭ মে) দেওয়া হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশ ঘোষণার কথা রয়েছে।

এ মামলায় গ্রেফতার চার আসামি হলেন-নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।

অন্যদিকে পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন।

গত ২৬ এপ্রিল মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করেন প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা। শুনানি শেষে ট্রাইব্যুনাল আজকের দিন আদেশের জন্য নির্ধারণ করেন।

সেদিন শুনানিতে প্রসিকিউশনের পক্ষে তিনটি অভিযোগ উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাইয়ের ঘটনাপ্রবাহ তুলে ধরে কোথায় কী ঘটেছিল, তার বিস্তারিত বর্ণনা দেন।

শুনানিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শেখ ফজলে নূর তাপসের ফোনালাপের বিষয়ও উল্লেখ করা হয়। পাশাপাশি অন্য আসামিদের উপস্থিতির ভিডিও ফুটেজ রয়েছে বলেও ট্রাইব্যুনালকে জানান প্রসিকিউটর। প্রসিকিউশনের দাবি, ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত প্রমাণ তাদের হাতে রয়েছে।

অন্যদিকে গ্রেফতার ও পলাতক আসামিদের আইনজীবীরা মামলার আসামিদের অব্যাহতি দাবি করেন। এক আসামির আইনজীবী সিফাত মাহমুদ শুভ বলেন, ঘটনাটি মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে না। এ ধরনের ঘটনার বিচারের জন্য পৃথক আইন রয়েছে বলেও তিনি দাবি করেন।