১০ হাজার অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।   ছবি: সংগৃহীত

বিগত সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় ইস্যু করা প্রায় ১০ হাজার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র এখনও জমা পড়েনি। এসব অস্ত্র দ্রুত উদ্ধার ও বাজেয়াপ্ত করতে জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর লাইসেন্সকৃত অস্ত্র জমা দেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এখনো বিপুল পরিমাণ অস্ত্র মাঠ পর্যায়ে রয়েছে। এসব অস্ত্র দ্রুত উদ্ধার করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে মামলা দায়েরের জন্য মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যেসব অস্ত্র রাজনৈতিক বিবেচনায় বা নীতিমালা উপেক্ষা করে লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলোর লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা পর্যায়ের কমিটির মাধ্যমে যাচাই-বাছাই শেষে ত্রুটিপূর্ণ লাইসেন্সধারী অস্ত্রগুলো বাজেয়াপ্ত করা হবে। তবে ২০০৯ সালের আগে ইস্যু করা বৈধ লাইসেন্সধারীরা যথাযথ প্রক্রিয়ায় তাদের অস্ত্র ফেরত পাবেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্রের বিস্তার রোধকে সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে মন্ত্রী বলেন, জনমনে স্বস্তি ফেরাতে এ ধরনের পদক্ষেপ জরুরি।

অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদক, চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধেও ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধের পাশাপাশি মাদকের বিস্তার রোধ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ পাচার ও সামাজিক অবক্ষয় ঠেকাতে নতুন আইন প্রণয়নের কাজ চলছে।

মাঠ প্রশাসন ও পুলিশের সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।