দেশে এসেছে ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।    ছবি: আরটিএনএন

দেশে ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন এসে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, মাত্র ২৪ দিনের মধ্যে দেশের জন্য সব ধরনের টিকার বড় মজুত সংগ্রহ করা হয়েছে। এটি একটি রেকর্ড। বর্তমানে দেশে টিকার কোনো ঘাটতি নেই। ভবিষ্যতেও ঘাটতি হওয়ার আশঙ্কা নেই।

বুধবার (৬ মে) বেলা পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ভ্যাকসিনের চালান এসে পৌঁছায়। বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে চালানটি গ্রহণ করেন।

তিনি জানান, হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ মোট ১০ ধরনের টিকার নতুন চালান দেশে এসেছে। এসব টিকা চলমান জাতীয় টিকাদান কর্মসূচিকে শক্তিশালী করবে এবং সাম্প্রতিক সংকট মোকাবিলায় সহায়তা করবে। নতুন চালানে হাম-রুবেলা ও ওরাল পোলিও ছাড়াও বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েড টিকাও অন্তর্ভুক্ত রয়েছে।

চালান গ্রহণ শেষে মন্ত্রী জানান, ‘১৫ লাখ ডোজ হামের টিকা দেশে এসেছে। ভবিষ্যতে আর কোনো টিকার সংকট হবে না।’

অন্যদিকে, মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘মাত্র ২৪ দিনের মধ্যে এই টিকা দেশে আনা সম্ভব হয়েছে, যা সরকারের একটি উল্লেখযোগ্য অর্জন।’ 

তিনি আরও জানান, আগামী ১০ মে’র মধ্যে হামসহ ১০ ধরনের মোট ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছানোর কথা রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই নতুন সরবরাহের মাধ্যমে নিয়মিত ও জরুরি টিকাদান কর্মসূচি আরও গতিশীল হবে এবং শিশুদের টিকা সুরক্ষা নিশ্চিত করা যাবে।