ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম ও ফিরতি যাত্রার টিকিট বিক্রির সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।
ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম ও ফিরতি যাত্রার টিকিট বিক্রির সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।   ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম ও ফিরতি যাত্রার টিকিট বিক্রির সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিন সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাইটে টিকিট বিক্রি করা হবে। একজন যাত্রী সর্বোচ্চ একবারে ৪টি টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে ঈদ উপলক্ষে কেনা টিকিট ফেরত নেওয়া যাবে না।

ঈদ উপলক্ষে ৫ জোড়া ঈদ বিশেষ ট্রেন চালানো হবে। পাশাপাশি কোরবানির পশু পরিবহনের জন্য ২২ ও ২৩ মে ঢাকা–জামালপুর রুটে দুটি পশুবাহী বিশেষ ট্রেন চলবে।

রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। এরপর ১৪ মে ২৪ মে’র, ১৫ মে ২৫ মে’র, ১৬ মে ২৬ মে’র এবং ১৭ মে ২৭ মে’র টিকিট বিক্রি করা হবে।

ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওই দিন ৩১ মে’র ফিরতি টিকিট পাওয়া যাবে। এরপর ২২ মে ১ জুন, ২৩ মে ২ জুন, ২৪ মে ৩ জুন এবং ২৫ মে ৪ জুনের টিকিট বিক্রি করা হবে।

এবারও প্রতিদিন সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ) ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলের (ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ) টিকিট ছাড়া হবে।

যাত্রীদের সুবিধার জন্য এবারও যাত্রার দিনে মোট আসনের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট রাখা হবে। তবে এই টিকিট দিয়ে উচ্চ শ্রেণির কোচে ভ্রমণ করা যাবে না।