যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৭ মে দেশে পাঠানো হবে ।
যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৭ মে দেশে পাঠানো হবে ।   ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৭ মে দেশে পাঠানো হবে এবং ৯ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস থেকে বলা হয়েছে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে (ইকে ০২২০) করে বৃষ্টির মরদেহ পাঠানো হবে। দুবাইয়ে বিরতি ও ফ্লাইট (ইকে ০৫৮২) পরিবর্তনের পর ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে।

ফ্লোরিডার টাম্পা শহরে স্থানীয় সময় বুধবার (৬ মে) দুপুর ২টায় বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৃষ্টির মরদেহ দেশে পৌঁছানোর বিষয়টি তত্ত্বাবধান করছে মায়ামির বাংলাদেশ কনস্যুলেট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক্রমে পুরো বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।

এদিকে নৃশংস হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে।

বৃষ্টি ও লিমন ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা বে এলাকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন। বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন। আর লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি শিক্ষার্থী ছিলেন।

গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। একই সময় তাঁর সঙ্গে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ সময় ধরে তাঁদের ফোন বন্ধ পাওয়া যায় এবং কোনো যোগাযোগ না থাকায় উদ্বিগ্ন হয়ে বিশ্ববিদ্যালয় এলাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়।

এ ঘটনায় জামিল আহমেদের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে তাঁর পারিবারিক বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের পর গত ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকার পাশে আবর্জনা ফেলার কালো রঙের কয়েকটি ব্যাগের মধ্যে জামিল আহমেদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়।

এ ঘটনায় আবুঘরবেহর বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার দুটি হত্যার অভিযোগ আনা হয়েছে।

এর আগে গত ৪ মে নিহত অপর শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ঢাকায় পৌঁছায়।