অবৈধ অভিবাসন বন্ধে ডিসিদের সক্রিয় ভূমিকা রাখতে হবে: শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।   ছবি: সংগৃহীত

অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং বিদেশগামীদের দালালচক্রের হাত থেকে রক্ষায় জেলা প্রশাসকদের (ডিসি) আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার (৫ মে) অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে এ কথা বলেন তিনি। সভায় বিদেশে যেতে আগ্রহীদের নিরাপদ ও বৈধ প্রক্রিয়ায় পাঠানো নিশ্চিত করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদেশগামীদের যেন কোনোভাবেই দালালচক্রের ফাঁদে পড়তে না হয়, সে বিষয়ে জেলা প্রশাসকদের সচেতন ও দায়িত্বশীল থাকতে হবে।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে অবৈধভাবে বিদেশ যাওয়ার প্রবণতা রোধে জেলা প্রশাসন কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদারের মাধ্যমে মানুষকে বৈধ পথে বিদেশগমনের গুরুত্ব বোঝাতে হবে।

এ দিকে ভারতের নির্বাচন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এটি সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়। সেখানে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি অপরিবর্তিত থাকবে এবং দুই দেশের সম্পর্ক বিদ্যমান ধারাবাহিকতায় এগিয়ে নেওয়া হবে।