হেলে পড়া আবাসিক ভবন খালি করতে প্রশাসনের কঠোর নির্দেশ
চাঁদপুরে একটি আবাসিক ভবন পাশের আরেকটি ভবনের ওপর হেলে পড়েছে।   ছবি: সংগৃহীত

চাঁদপুর শহরের পালপাড়া এলাকায় একটি আবাসিক ভবন পাশের আরেকটি ভবনের ওপর হেলে পড়ায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় প্রশাসন ভবন দুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে দ্রুত খালি করার কঠোর নির্দেশ দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চারতলা দুটি ভবনের একটি হেলে অন্যটির দিকে ঝুঁকে পড়েছে। এতে উভয় ভবনের কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে এবং নিচে সতর্কতামূলক সাইনবোর্ড টাঙানো হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যেকোনো সময় ভবন দুটি ধসে পড়তে পারে।

খবর পেয়ে সোমবার (৪ মে) সকালে জেলা প্রশাসন, পৌরসভা, ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা ভবন দুটিকে বসবাসের জন্য সম্পূর্ণ অনিরাপদ ঘোষণা করেন এবং বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেন।

ভবন মালিক মো. শাহজাহান জানান, দীর্ঘদিন বিদেশে থাকায় নির্মাণকাজ যথাযথভাবে তদারকি করতে পারেননি। তবে কী কারণে ভবনটি হেলে পড়েছে, সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। অপর ভবন মালিক মো. শাহ আলম ঢালী দাবি করেন, তার ভবন পৌরসভার অনুমোদিত নকশা অনুযায়ী নির্মিত হলেও পাশের ভবন হেলে পড়ায় তিনি চরম ঝুঁকিতে পড়েছেন।

চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের ফায়ার লিডার এনামুল হক ভূঁইয়া জানান, ভবনটি প্রায় ১০ ইঞ্চি হেলে পড়েছে, যা অত্যন্ত বিপজ্জনক। ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

চাঁদপুর পৌরসভার প্রশাসক এরশাদ উদ্দিন বলেন, জননিরাপত্তার স্বার্থে ভবন দুটি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, বাসিন্দাদের সরে যেতে মাইকিং করা হয়েছে এবং সোমবার সন্ধ্যা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।