যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে।
সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে মরদেহবাহী উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ প্রথম আলোকে বলেন, জামিল আহমেদ লিমনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে শনিবার স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি উড়োজাহাজে মরদেহটি পাঠানো হয়। এ সময় মায়ামি বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সেহেলী সাবরীন ও কনসাল থোইং পুরো প্রক্রিয়া তদারকি করেন।
গত ২৫ এপ্রিল জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধারের পর বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি, মায়ামি কনস্যুলেট, পরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার স্থানীয় প্রবাসী বাংলাদেশি এবং সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের সমন্বয়ে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। দ্রুততম সময়ে মরদেহ দেশে পাঠাতে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হয়।
উল্লেখ্য, নিহত লিমনের জানাজা গত বৃহস্পতিবার জোহরের নামাজের পর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এলাকার মসজিদে অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নিহতের খালা, কনস্যুলেট কর্মকর্তাসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের বিষয়টি গত ১ মে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস নিশ্চিত করে। এরপর মায়ামি কনস্যুলেট তার মরদেহ দেশে পাঠানোর জন্য পরিবারের সম্মতি নেয় এবং স্থানীয় মেডিকেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে।
কনসাল জেনারেল সেহেলী সাবরীন জানান, নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দ্রুত দেশে পাঠাতে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস ও মায়ামি কনস্যুলেট যৌথভাবে কাজ করছে।
জামিল আহমেদ লিমন (২৭) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এ ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। একই সময়ে তার সহপাঠী নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) ও নিখোঁজ হন। বিষয়টি এক বন্ধু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে তদন্ত শুরু হয়।
তদন্তে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে তার পারিবারিক বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, জিজ্ঞাসাবাদের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকার কাছে আবর্জনা ফেলার স্থানে কয়েকটি কালো ব্যাগের মধ্যে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
আদালতের নথি অনুযায়ী, মরদেহটি সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছিল এবং এতে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় হিশাম আবুঘরবেহের বিরুদ্ধে প্রথম ডিগ্রির হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। তদন্তে তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধারের কথাও উল্লেখ করা হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিযুক্ত আবুঘরবেহ ও লিমন একই রুমে থাকতেন বলে জানা গেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!