ভোজ্যতেল নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।   ছবি: আরটিএনএন

রাজধানীর বাজারে ভোজ্যতেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হচ্ছে।

রবিবার (৩ মে) বিকেলে তিনি কারওয়ান বাজারের চিকেন মার্কেটসহ বিভিন্ন দোকান ঘুরে দেখেন। এ সময় তিনি ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে বাজারে সরবরাহ পরিস্থিতির খোঁজ নেন।

পরিদর্শনকালে খুচরা বিক্রেতারা জানান, ভোজ্যতেলের সরবরাহ আগের তুলনায় বেড়েছে। একই সঙ্গে ডিলার পর্যায় থেকেও সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। তবে ৫ লিটারের বোতলজাত তেলের চাহিদা বেশি থাকায় এ ধরনের পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহও বেশি দেখা যাচ্ছে। খোলা তেলের তুলনায় বোতলজাত তেলেই এখন বেশি বিক্রি হচ্ছে বলে জানান তারা।

সরেজমিনে দেখা যায়, ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল ৯৭০ থেকে ৯৭৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ১ লিটার ও ২ লিটারের বোতলজাত তেল যথাক্রমে ১৯৫ টাকা ও ৩৯০ টাকায় বিক্রি হচ্ছে।

এ সময় সাধারণ ক্রেতাদের সঙ্গেও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। ক্রেতারা জানান, বাজারে তেল পাওয়া যাচ্ছে এবং সরবরাহ পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে।

পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিবিড়ভাবে কাজ করছে। ইতোমধ্যে সরবরাহ অনেকটাই স্বাভাবিক হয়েছে। ডিলার ও কোম্পানিগুলোর সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে। বৈশ্বিক বাজার পরিস্থিতির কারণে মূল্য সমন্বয় করতে হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও তার প্রতিফলন হিসেবে মূল্য কমানো হবে।”

তিনি আরও বলেন, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।