অভিনব কায়দায় কাপড় লুট, গ্রেপ্তার ৫
অভিনব কায়দায় কাপড় লুট, গ্রেপ্তার ৫।   ছবি: আরটিএনএন

রাজধানীর বিমানবন্দর এলাকায় চলন্ত গাড়িকে ধাক্কা দিয়ে চালককে বিভ্রান্ত করে অভিনব কৌশলে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের গার্মেন্টস কাপড় লুটের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় লুট হওয়া কাপড়সহ ব্যবহৃত কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মুন্না হাসান (৩২), মো. আবু হাসান (৩৪), মো. গোলাম মোস্তফা (২৯), মো. রাজিব আলী দেওয়ান (৩৪) ও মো. ইব্রাহিম হক (৩০)।

রবিবার (৩ মে) দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল চীন থেকে আমদানিকৃত বিদেশি কাপড়ের ৯০টি রোল চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় আনার জন্য রওনা দেন পরিবহন ব্যবসায়ী মাহমুদুল হাসান। পরদিন (১ মে) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থানাধীন ১ নম্বর সেক্টরের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে চালক বিভ্রান্ত হয়ে পড়লে সুযোগ বুঝে কাপড়বোঝাই কাভার্ড ভ্যানটি কৌশলে ছিনতাই করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী ৩ মে বিমানবন্দর থানায় মামলা দায়ের করলে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করা হয়।

পরে একইদিন রাতে ঢাকার দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে মুন্না হাসান, আবু হাসান, গোলাম মোস্তফা ও রাজিব আলী দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোররাতে ইব্রাহিম হককে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে রাজিব আলী দেওয়ানের বাসা থেকে চুরি হওয়া ৯০টি কাপড়ের রোল উদ্ধার করা হয়। এছাড়া চুরি হওয়া কাভার্ড ভ্যান এবং অপরাধে ব্যবহৃত আরেকটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।