দেশের ১৩ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
দেশের অন্তত ১৩টি অঞ্চলের জন্য ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।   ছবি: সংগৃহীত

দেশজুড়ে কালবৈশাখীর প্রভাবে ঝড়–বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশের অন্তত ১৩টি অঞ্চলের জন্য ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৩ মে) ভোর থেকে দুপুর পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে শনিবার দেওয়া আরেক পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিদ্যুৎ চমকানোসহ পশ্চিম বা উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বজ্রগর্ভ মেঘের সক্রিয়তার কারণে একই সময়ে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকিও থাকতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।