আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ।   ছবি: সংগৃহীত

আজ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছরের মতো এবারও সারা বিশ্বে দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দেশের সাংবাদিক সমাজও দিবসটি ঘিরে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আলোচনা, সমাবেশ ও সচেতনতামূলক আয়োজন করা হচ্ছে।

তথ্যসূত্র বলছে, ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এরপর থেকেই বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা এ দিবসটি পালন করে আসছেন।

দিবসটি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। আজ সকাল ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হবে বলে তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এছাড়া সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস রোডে অবস্থিত তথ্য ভবন কমপ্লেক্সের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।

 

আরটিএনএন/ইমরান