হজ ক্যাম্পে রিয়াল চুরির ঘটনায় গ্রেপ্তার ২
হজ ক্যাম্প।   ফাইল ছবি

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন আশকোনা হজ ক্যাম্পে এক হজযাত্রীর হাতব্যাগ থেকে সৌদি রিয়াল চুরির ঘটনায় সাত দিন পর দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গভীর রাতে ঢাকার অদূরে টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ১৭ হাজার সৌদি রিয়াল ও নগদ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন হাবিবুর রহমান ও নাদিম। শুক্রবার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ জানান, ভুক্তভোগীর কাছ থেকে মোট ২২ হাজার সৌদি রিয়াল চুরি হয়েছিল। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৭ হাজার রিয়াল উদ্ধার করা হয়েছে এবং চক্রের মূল হোতাসহ বাকি অর্থ উদ্ধারে অভিযান চলছে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার হজযাত্রী ইমরান হোসেন আশকোনা হজ ক্যাম্পে অসাবধানতাবশত তার হাতব্যাগ শৌচাগারে রেখে যান। এ সুযোগে পায়জামা-পাঞ্জাবি পরা এক ছদ্মবেশী ব্যক্তি ব্যাগ খুলে দেশি-বিদেশি মুদ্রা নিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় চক্রের দুই সদস্যকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আতর বিক্রির আড়ালে চক্রটির সঙ্গে জড়িত ছিলেন। ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।