ভারতের ভ্রমণ ভিসা চালু সম্পর্কে যা জানা গেলো
ভারতের ভ্রমণ ভিসা চালু সম্পর্কে যা জানা গেলো।   ছবি: সংগৃহীত

দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ভিসা বন্ধ থাকার পর নতুন করে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হতে পারে বলে জোরালো আলোচনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে চলতি মাসের ৬ মে থেকে আবেদন গ্রহণ করা হতে পারে।

এমন গুঞ্জনে নতুন করে আশার আলো দেখছেন কলকাতার মারকুইস স্ট্রিট পার্ক স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিট এলাকার ব্যবসায়ীরা। বাংলাদেশি পর্যটকশূন্য হয়ে পড়া এসব এলাকার থমকে যাওয়া অর্থনীতিতে আবার প্রাণচাঞ্চল্য ফেরার প্রতীক্ষায় রয়েছেন তারা।

শেখ হাসিনার সরকারের পতনের পর ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে ভারতীয় অর্থনীতিতে চাপ তৈরি হওয়ায় বাংলাদেশকে দূরে রাখা বাস্তবসম্মত নয় বলে মনে করছেন ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা।

ফলে দুই দেশের সরকারই নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নে জোরদার কাজ চলছে বলে জানায় সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ প্রেক্ষাপটে গেল মাসে ভারত সফর করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফায় আলোচনাও করেন। ৭ এপ্রিল নয়াদিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বৈঠক করেন তিনি।

তাদের মতে, অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার জরুরি হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে সাউথ ব্লক থেকে দ্রুত ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার সিদ্ধান্ত আসতে পারে।

এমন সম্ভাবনায় সবচেয়ে বেশি আশাবাদী পার্ক স্ট্রিট এলাকার ব্যবসায়ীরা। আগে যেখানে বাংলাদেশি পর্যটকদের কাছে প্রতিদিন দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত বিক্রি করতে পারলেও এখন দিনে ৫০ হাজার টাকার বিক্রিও হয় না বলে জানান ব্যবসায়ীরা।