‘সংস্কারের বাহানায় অনেক বিষয়ে আপস করেছি, জুলাই সনদেও স্বাক্ষর করেছি’
সংসদে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।    ছবি: সংগৃহীত

সংবিধান সংস্কারের অজুহাতে যেন নির্বাচন বাধাগ্রস্ত না হয়, সে কারণেই তাঁরা আপস করে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে অবৈধ ও সংবিধানবহির্ভূত বলেও উল্লেখ করেন। মন্ত্রী জানান, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় বিভিন্ন পক্ষের অংশগ্রহণে দীর্ঘ আলোচনার মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়।

তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে শুরুতেই সিদ্ধান্ত হয়েছিল এবং ‘নোট অব ডিসেন্ট’সহ সনদে স্বাক্ষর করা হয়েছে। 

বিরোধী দলের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা আপনারা স্বাক্ষর করেছেন। আমরাও করেছি। আসুন, সেই জুলাই সনদ বাস্তবায়ন করি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ভেতরে ও বাইরে দুই পক্ষের সমর্থনে পরিচালিত হয়েছিল। তিনি ইঙ্গিত করে বলেন, এখন অনেকেই অতীতের সময়কে ইতিবাচকভাবে স্মরণ করছেন।

জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সমালোচনা করে তিনি বলেন, এ আদেশ জারির পর বিএনপি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় যে তারা জুলাই সনদের বাইরে কোনো কিছু মেনে নেবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাক্‌স্বাধীনতার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘স্বাধীনতার নামে কুরুচিপূর্ণ ভাষা ও ব্যক্তিগত আক্রমণ বাড়ছে, যা সমাজের জন্য ক্ষতিকর।’

বিশেষ করে রাজনৈতিক নেতাদের পরিবারকে জড়িয়ে অপপ্রচারের নিন্দা জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের উদ্দেশে তিনি বলেন, মুক্তিযুদ্ধ বা জুলাই আন্দোলনের চেতনাকে রাজনৈতিক ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের প্রসঙ্গে তিনি বলেন, এতে দায়িত্ববোধ বাড়ে, যদিও এটি কিছুটা “মন্ত্রী হওয়ার অনুভূতি” দেওয়ার মতো বিষয়।

ব্যাংক মালিকানা ও দখল নিয়ে বিতর্কের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে ভিন্ন কৌশলে ব্যাংক দখলের ঘটনা ঘটেছে—কখনো প্রভাব খাটিয়ে, কখনো প্রকাশ্যে শক্তি প্রদর্শনের মাধ্যমে।

বিরোধীদলীয় সদস্যদের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, কেউ কেউ নিজেদের পরিচয় ও ভূমিকা নিয়ে নতুন দাবি তুলছেন, যা তিনি “নতুন আবিষ্কার” হিসেবে উল্লেখ করেন।