সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ
নির্বাচন কমিশন।   ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এদের নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়ন জমা দেওয়ায় জামায়াত জোটের প্রার্থী নুসরাত তাবাসসুম প্রাথমিক তালিকার বাইরে ছিলেন। যাচাই-বাছাই শেষে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের ১ জন—মোট ৪৯ জন বৈধ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

বিএনপি জোটের নির্বাচিতরা

বিএনপি জোট থেকে নির্বাচিত ৩৬ জন নারী এমপির মধ্যে রয়েছেন—সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জামায়াত জোটের নির্বাচিতরা

জামায়াত জোট থেকে নির্বাচিত ১২ জন হলেন—নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জি: মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও ইঞ্জি: মাহবুবা হাকিম।

স্বতন্ত্র জোট

স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিনকে এমপি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা জানান, জোটভিত্তিক আসন বণ্টনের কারণে প্রতিটি আসনে একাধিক প্রার্থী না থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।

অন্যদিকে, আদালতের নির্দেশে দেরিতে জমা দেওয়া নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। আগামী শনিবার তার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সরকারি চাকরি থেকে অবসরের নির্ধারিত সময় পূরণ না হওয়ায় জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হলে বিকল্প হিসেবে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা দেওয়া হয়।