আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ   ছবি: আরটিএনএন

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), মো. আলী হোসেন ফকিরের সঙ্গে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজ এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে সুসান ভাইজ নবনিযুক্ত আইজিপিকে আন্তরিক অভিনন্দন জানান। বৈঠকে বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রম, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ, কমিউনিটি পুলিশিং, মানবাধিকার সুরক্ষা এবং সাইবার নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ইউনেস্কোর পক্ষ থেকে প্রশিক্ষণ সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আইজিপি মো. আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ইউনেস্কোর এ আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, এ ধরনের সহযোগিতা আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে। তিনি ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ ও ইউনেস্কোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

শিমুল/এসএস