সারাদেশে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা
দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা রয়েছে।   ছবি: সংগৃহীত

দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সারাদেশে সতর্কবার্তাও জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৈশাখী ঝড় হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বলা হয়, এই সময়ের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এ সময় বজ্রপাতের পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্টদের সতর্ক থাকার এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।