অটোরিকশাচালক হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড
অটোরিকশাচালককে হত্যার ঘটনায় পাঁচ ডাকাতকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।   ফাইল ছবি

ঢাকার কেরানীগঞ্জে এক অটোরিকশাচালককে হত্যার ঘটনায় পাঁচ ডাকাতকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ বি এম আশফাক-উল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত ব্যক্তিরা হলেন, ডাকাত দল নেতা সোহেল ওরফে জুয়েল, শাহিন হাওলাদার, সুমন ওরফে আল আমিন, কবির ও ফেরদৌস ওরফে বারেক। জানা যায়, ২০২০ সালে দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় ডাকাতির পরে খুন হন মুকুল হোসেন ওরফে চকলেট নামের ওই অটোরিকশাচালক।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আবু সেলিম চৌধুরী জানান, মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত।

তিনি আরো জানান, রায় ঘোষণার আগে শাহিন ও ফেরদৌসকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে তাদের কারাগারে পাঠানো হয়। অপর তিন আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার এজাহারসূত্রে জানা যায়, নিহত মুকুল হোসেন চকলেট (৩৫) কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০২০ সালের ২৭ জুন দুপুরে তিনি অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন দক্ষিণ কেরানীগঞ্জের কোনাখোলা তুরাগ বাড়ি এলাকায় রাস্তার পাশে গলাকাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের ভাই মো.আবু হানিফ মরদেহ শনাক্ত করেন এবং এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।