ফ্যাসিস্ট আমলের ঘটনায় ১,৮৫৫ মামলা, বিচার প্রক্রিয়া এগোচ্ছে: আইনমন্ত্রী
ফ্যাসিস্ট আমলের ঘটনায় ১,৮৫৫ মামলা, বিচার প্রক্রিয়া এগোচ্ছে: আইনমন্ত্রী   ছবি: সংগৃহীত

বিগত ফ্যাসিস্ট আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সারাদেশে মোট ১ হাজার ৮৫৫টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এর মধ্যে হত্যা মামলার সংখ্যা ৭৯৯টি এবং অন্যান্য ধারায় ১ হাজার ৫৬টি মামলা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

আইনমন্ত্রী জানান, দায়ের হওয়া ১ হাজার ৮৫৫টি মামলার মধ্যে ১৫৮টি মামলার তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৮টি হত্যা মামলা এবং ১১০টি অন্যান্য মামলা রয়েছে। বাকি ১ হাজার ৬৯৭টি মামলার তদন্ত চলমান রয়েছে।

তিনি বলেন, এই বিপুল সংখ্যক মামলার তদন্ত জটিল ও সময়সাপেক্ষ হলেও দ্রুত প্রতিবেদন দাখিলের লক্ষ্যে পুলিশ কাজ করছে। প্রতিটি মামলায় যথাযথ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত করা হচ্ছে, যাতে পরবর্তীতে বিচারে কোনো আইনি দুর্বলতা না থাকে।

জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, জামিন দেওয়া সম্পূর্ণ আদালতের এখতিয়ার। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রতিটি মামলায় সক্রিয়ভাবে আসামিদের জামিনের বিরোধিতা করছেন। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে সংঘটিত নৃশংস অপরাধের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে নিরলসভাবে কাজ চলছে।

অন্যদিকে, বিএনপি ও জামায়াতসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কতটি মামলা ছিল—এ বিষয়ে সুনির্দিষ্ট পরিসংখ্যান সরকারের কাছে নেই বলেও জানান আইনমন্ত্রী। তবে রাজনৈতিক কারণে দায়ের হওয়া ২৩ হাজার ৮৬৫টি হয়রানিমূলক মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, এসব মামলা প্রত্যাহারের সুপারিশের জন্য জেলা পর্যায়ে কমিটি এবং কেন্দ্রীয় পর্যায়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বাকি মামলাগুলোও পর্যায়ক্রমে যাচাই-বাছাই করে প্রত্যাহারের কার্যক্রম চলমান রয়েছে।