জামিল লিমনের মরদেহ আগামী সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
জামিল লিমনের মরদেহ আগামী সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।   ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ টাম্পা ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) মরদেহটি হস্তান্তর করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন।

দূতাবাস জানায়, বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ আগামী সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

বাংলাদেশ কমিউনিটির সঙ্গে আলোচনা এবং ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সঙ্গে সমন্বয় করে মায়ামির বাংলাদেশ কনস্যুলেট মরদেহ ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানান, লিমনের প্রথম জানাজা স্থানীয় সময় বৃহস্পতিবার টাম্পা বে এলাকার ইসলামিক সোসাইটিতে অনুষ্ঠিত হবে। মরদেহ দেশে আনার পর সব প্রক্রিয়া মুসলিম রীতিতে সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, মরদেহ হস্তান্তরের আগে মায়ামির বাংলাদেশ কনস্যুলেট লিমনের পরিবারের সম্মতি নেয়। মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হতে আরও দুই–এক দিন সময় লাগতে পারে।

গেল ১৬ এপ্রিল ফ্লোরিডা, যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হন।

পরে তদন্তে জানা যায়, লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় কয়েকটি কালো আবর্জনার ব্যাগে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

এ হত্যাকাণ্ডকে অত্যন্ত নৃশংস ও পরিকল্পিত বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, নিহত আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ এখনো উদ্ধার হয়নি। তবে লিমনের মরদেহ পাওয়ার স্থান থেকে কিছু দূরে একটি জলাশয়ে পাওয়া দেহাবশেষ বৃষ্টির কি না, তা পরীক্ষার মাধ্যমে যাচাই করা হচ্ছে।