সংরক্ষিত নারী আসনে বৈধ ৪৯ জনের গেজেট প্রকাশ আজ।
সংরক্ষিত নারী আসনে বৈধ ৪৯ জনের গেজেট প্রকাশ আজ।   ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তাদের নামের গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৯ এপ্রিল) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এবং শূন্য আসনের বিপরীতে সমান সংখ্যক বৈধ প্রার্থী থাকায় তাদের আইন অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম-সচিব মো. মঈন উদ্দীন খান জানান, বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রত্যাহারের সময় নির্ধারিত ছিল। এ সময়ের মধ্যে কেউ আবেদন না করায় বৈধ ৪৯ জন প্রার্থীর তালিকা বৃহস্পতিবার কমিশনে উপস্থাপন করে গেজেট প্রকাশ করা হবে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে ক্ষমতাসীন বিএনপি জোটের ৩৬ জন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থী রয়েছেন।

ইসি সচিবালয় থেকে গেজেট প্রকাশের পর তা শপথ আয়োজনের জন্য সংসদ সচিবালয়ে পাঠানো হবে।

বিএনপির বৈধ প্রার্থীরা হলেন— সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জামায়াত জোটের বৈধ প্রার্থীরা হলেন— নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ, সামসুন নাহার, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান, মাহবুবা হাকিম ও রোকেয়া বেগম।

অন্যদিকে বিএনপির সঙ্গে থাকা স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে ছাত্রদলের সাবেক (শ্রাবণ-জুয়েল কমিটি) সহ-সভাপতি সুলতানা জেসমিন জুঁইয়ের মনোনয়নও বৈধ হয়েছে।