সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর
সমুদ্র এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে, ফলে নৌযান চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।   ফাইল ছবি

দেশের চারটি সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টা ৪২ মিনিটে প্রকাশিত আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য অব্যাহত রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পরিস্থিতিতে সমুদ্র এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে, ফলে নৌযান চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন জরুরি।

এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছিল। বর্তমান সতর্কতা পরিস্থিতির ধারাবাহিকতা হিসেবে বহাল রাখা হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস।