দাদি–ফুপুসহ ৩ জনকে কুপিয়ে হত্যা: অভিযুক্ত আকাশ গ্রেপ্তার
অভিযুক্ত আকাশ মোল্লা।   ছবি: আরটিএনএন

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে দাদি, ফুপু ও এক প্রতিবেশীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আকাশ মোল্লাকে (৪০) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে কোতোয়ালি থানা পুলিশ ও র‍্যাব-১০-এর যৌথ অভিযানে তাকে গদাধরডাঙ্গী গ্রামের নিজ বাড়ির পাশের একটি কলাবাগান থেকে গ্রেপ্তার করা হয়। আকাশ ওই এলাকার হারুন মোল্লার ছেলে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম।

নিহতরা হলেন আকাশের দাদি আমেনা বেগম (৭৫), ফুপু সালেহা বেগম (৫৫) এবং প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)। এ ঘটনায় আরও দুইজন প্রতিবেশী রিয়াজুল ইসলাম (৩৮) ও আরজিনা বেগম (৩৮) আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হচ্ছিল। অবশেষে ভোরে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আকাশ মোল্লাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার বিষয়ে মামলা হয়েছে এবং তদন্ত চলছে। নিহত তিনজনের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ভোরের দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে ফরিদপুর কোতোয়ালি থানার হেফাজতে রাখা হয়েছে।

এ দিকে অভিযানে অংশ নেওয়া র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার গাজী মো. লুৎফর রহমান বলেন, অভিযুক্তের অবস্থান নিশ্চিত হওয়ার পর দ্রুত অভিযান চালানো হয়। তাকে বাড়ির পাশের কলাবাগান থেকে আটক করা হয়েছে। আটককালে তার কথাবার্তা অসংলগ্ন ছিল, যা তার মানসিক অবস্থার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার প্রয়োজনীয়তা তৈরি করেছে।