আহত শিক্ষার্থী আশরাফুলকে হাসপাতালে দেখতে গেলেন জামায়াত সেক্রেটারি
জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।   ছবি: আরটিএনএন

চট্টগ্রামে হামলায় আহত শিক্ষার্থী আশরাফুল ইসলামকে দেখতে রাজধানীর শ্যামলীর পঙ্গু হাসপাতালে গেছেন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি তিনি হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীর শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ এপ্রিল ছাত্রদলের সশস্ত্র হামলায় চট্টগ্রাম সিটি কলেজের শিক্ষার্থী আশরাফুল ইসলাম গুরুতর আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলে আশরাফুলের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন মিয়া গোলাম পরওয়ার। তিনি আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানান।

এ সময় উপস্থিত সাংগঠনিক দায়িত্বশীল ও স্বজনদের ধৈর্য ধারণ এবং মহান আল্লাহর ওপর ভরসা রাখার আহ্বান জানান তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আশরাফুল ইসলাম চট্টগ্রামের সৃজনশীল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।