প্রধানমন্ত্রী তারেক রহমান আজ  যশোর সফরে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যশোর সফরে যাচ্ছেন।   ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ  (২৭ এপ্রিল) যশোর সফরে যাচ্ছেন। রোববার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। সফরসূচিতে রয়েছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একটি জনসভায় অংশগ্রহণ।

জেলা বিএনপি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বড় জনসভার প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরকালে তিনি বহুল প্রতীক্ষিত ৫০০ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। পাশাপাশি শার্শা উপজেলা-এর উলশী-যদুনাথপুর খাল পুনঃখনন প্রকল্পেরও উদ্বোধন করবেন, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত এলাকা হিসেবে পরিচিত।

সফরসূচি অনুযায়ী, সোমবার সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে আকাশপথে যশোর বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। প্রেস উইং সূত্রে জানা গেছে, যশোরে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে শার্শা উপজেলার উলশী খাল খনন কাজের উদ্বোধন করবেন এবং সেখানে আয়োজিত পথসভা বা সুধী সমাবেশে অংশ নেবেন। পরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতি শেষে বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দিনশেষে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শহরজুড়ে নানা প্রস্তুতির পাশাপাশি নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি যশোরে প্রথম সফর।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনি বিশাল জনসভায় অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান।