মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী   ছবি: সংগৃহীত

প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই, বলেছেন প্রধানমন্ত্রী তারেক জিয়া। তিনি বলেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তোলার জন্য বদ্ধপরিকর।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা প্রমাণ করে যে, বিএনপি সরকারের অধীনে দেশ ও জনগণের স্বার্থে একটি সুদক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও সরকার এই ধারাকে অব্যাহত রাখতে চায়।

তিনি আরও বলেন, "২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান স্পষ্টভাবে প্রমাণ করেছে যে, এই রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যাশা করছিল, যা বর্তমান সরকার বাস্তবায়ন করছে।"

প্রধানমন্ত্রী আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রের জনমুখী হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, "আমলাতন্ত্রকে আরও জনগণের সেবক হিসেবে গড়ে তুলতে হবে এবং এজন্য প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।"

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।