রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ।   ছবি: আরটিএনএন

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ শুরু হয়েছে।  আজ (২৫ এপ্রিল) শনিবার সকাল ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ শুরু হয়। 

সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ক্বারী এনায়েত উল্লাহ সাইফি। কুরআন তেলয়াওয়াতের অনুবাদ করেন শরীফ বায়জীদ মাহমুদ। এরপর ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী মশিউর রহমান।

সমাবেশের উদ্বোধনী বক্তব্যে জুলাইযোদ্ধা কামরুল হাসান বলেন, কোনো প্রকার দাড়ি, কমা, সেমিকোলন পরিবর্তন ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যদি তা না করা হয়, তাহলে আবার সংসদ ঘেরাও করার হুঁশিয়ারি দেন তিনি। 

সমাবেশে বিরোধীদলীয় নেতা ও  জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি, ১১ দলেয় শীর্ষ নেতৃবৃন্দ, জামায়াতের নায়েবে আমিরবৃন্দ, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেলবৃন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যবৃন্দ, ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ, জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় ও মহানগরীর দায়িত্বশীলাবৃন্দ, জামায়াতে ইসলামী ও ১১ দলের মাননীয় এমপিবৃন্দ, সারাদেশ থেকে আগত জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাইযোদ্ধাবৃন্দ, জুলাইযোদ্ধা এবং ডাকসু, জাকসু, চাকসু, জকসু, রাকসু নেতৃবৃন্দ যোগ দিয়েছেন।