পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজারের বেশি বাংলাদেশি।
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজারের বেশি বাংলাদেশি।   ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজারের বেশি বাংলাদেশি। মোট ৮১টি ফ্লাইটে তারা মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন।  শনিবার (২৫ এপ্রিল) ভোরে হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের সূত্র থেকে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানায়, শুক্রবার দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৬৮৪ জন বাংলাদেশি সৌদি আরবে পাড়ি জমিয়েছেন।

এছাড়া সৌদি এয়ারলাইনস পরিচালিত ৩০টি ফ্লাইটে ১১ হাজার ২৯৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৯ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন।

এদিকে, পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গিয়ে দু'জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানায়, তাদের দু'জনই পুরুষ এবং মক্কায় তাদের মৃত্যু হয়েছে। ২২ এপ্রিল মক্কায় ৭০ বছর বয়সী মো. আবুল কাশেম মারা যান। এর আগের দিন জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডলের মৃত্যু হয়।

এছাড়া, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে।